টাঙ্গাইলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

গ্রেফতারটাঙ্গাইলের কালিহাতীতে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৭) ধর্ষণের অভিযোগে মাহবুব রহমান (১৫) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার প্রায় এক মাস পর মঙ্গলবার (৩ জুলাই) সকালে টাঙ্গাইল সদর উপজেলার ছোট বাসালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর থেকে মাহবুব রহমান পলাতক ছিল। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার মাহবুব কালিহাতী উপজেলার মালতি গ্রামের প্রবাসী তায়েজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মালতি গ্রামের এক কৃষকের মেয়েকে একই এলাকার প্রবাসী তায়েজ উদ্দিনের ছেলে মাহবুব গত ৪ জুন বাড়িতে ঢুকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে লোকজন এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করে ওই দিনই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে মাহবুবের বিরুদ্ধে মামলা দায়ের করলে ধর্ষক গাঢাকা দেয়।

ওসি মীর মোশারফ হোসেন বলেন, ‘মামলার পর থেকে অভিযুক্ত মাহবুব পলাতক ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল টাঙ্গাইল সদর উপজেলার ছোট বাসালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’ ধর্ষণের শিকার ছাত্রীর ডাক্তারি পরীক্ষা হয়েছে বলে তিনি জানান।