জানা গেছে, কাশিয়ানী উপজেলার বরাসুর গ্রামের মো. আবুল কালাম শেখের ছেলে মো. শফিকুল শেখের (২৮) লাশ ৪ মার্চ বাড়ির অদূরে মেহগনি বাগানে গলায় রশি পেঁচানো অবস্থায় পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠায়।
এই ঘটনায় শফিকুরের চাচা মো. আব্দুল মান্নান শেখ বাদী হয়ে ২৬ জনকে আসামি করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ১৪ মার্চ পিবিআই গোপালগঞ্জে হস্তান্তর করে কাশিয়ানী থানা পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক শংকর চন্দ্র মাত্তুবর জানান, পোস্টমোর্টেম রিপোর্টে বলা হয় গলায় রশি দিয়ে শফিকুর শেখ আত্মহত্যা করেছে।
মামলার বাদী আব্দুল মান্নান শেখ লাশের পূনঃময়নাতদন্ত চেয়ে আদালতে আবেদন করেন। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ গত ৩ জুন লাশ উত্তোলন করে পূনঃময়নাতদন্ত করার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শংকর চন্দ্র মাত্তুবর আদালতের নির্দেশে বুধবার গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন সরকারের উপস্থিতিতে শফিকুলের লাশ উত্তোলন করে ফরিদপুর মেডিক্যাল কলেজে পাঠায়।