মানিকগঞ্জে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

গ্রেফতার

মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নে এক শিশুকে (১২) ধর্ষণের অভিযোগে সোহরাব হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নির্যাতিত শিশুর মা শুক্রবার মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

ধর্ষক সোহরাব সদর উপজেলার ছোট ভাটবাউর গ্রামের মৃত সবেদ মল্লিকের ছেলে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলা দায়েরের আগে মাতব্বররা গ্রাম্য সালিশের মাধ্যমে মীমাংসা করে দেওয়ার কথা বলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

সদর থানা পুলিশ ও ভুক্তভোগী শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২ জুলাই (সোমবার) রাত ৮টার দিকে শিশুটি প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হলে প্রতিবেশী সোরহাব মল্লিক (৪৫) জোড় করে নিজ বাড়িতে নিয়ে যায়। পরে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে নিজ বাড়ির রান্না ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে গ্রামের মাতব্বররা মীমাংসা করে দেওয়ার কথা বলে সময় নষ্ট করে। অবশেষে শুক্রবার বিকালে ভুক্তভোগী শিশুর মা থানায় লিখিত অভিযোগ করেন।

এর আগেও সোহরাব বিভিন্ন সময় তাকে মোবাইলে আপত্তিকর ছবি দেখিয়ে উত্যেক্ত করতো বলে অভিযোগ করে ওই শিশু।

স্থানীয় দিঘী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮নং ওয়ার্ডের সদস্য আবু জাফর বলেন, ‘এই ধরণের ঘটনা গ্রাম্যসালিশে মীমাংসার অযোগ্য অপরাধ। এই ঘটনা জানার পর আমি ভুক্তভোগী ওই পরিবারকে থানায় মামলা দায়েরের পরামর্শ দেই।

শুক্রবার বিকেলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ভুক্তভোগী মেয়েটির মায়ের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আসামি সোহরাবকে গ্রেফতার করা হয়েছে।