নিখোঁজের একদিন পর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবের চর এলাকার একটি পুকুর থেকে শহিদুল ইসলাম শান্ত (১৬)নামে নবম শ্রেণির এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।
রবিবার (৮ জুলাই) বিকালের দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর মরদেহ ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শান্ত ভবেরচর ওয়াজের আলী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ৯ম শ্রেণির ছাত্র ও ভবেরচরের কলেজ রোডের বাসিন্দা সিএনজি স্কুটার চালক মিলন মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৭জুলাই) অর্ধ-বার্ষিক ও গণিত পরীক্ষা শেষে দুপুরে দুই গ্রামের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং শান্ত নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি পর তাকে কোথাও না পেয়ে তার মা সাফিয়া ইসলাম রবিবার সকালে গজারিয়া থানায় সাধারণ ডায়েরি করেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, প্রাথমিক তদন্তে তাকে হত্যা করার আলামত পাওয়া গেছে। তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শান্তর পরনে স্কুল ড্রেস। পকেটে ছিল গণিত পরীক্ষার প্রশ্ন, কলম এবং স্কেল।