৯৯৯-এর কল্যাণে রক্ষা পেলো পদ্মায় ডুবে যাওয়া ৭ যাত্রী

01৯৯৯ নম্বরের কল্যাণে রক্ষা পেল পদ্মায় নৌকাডুবির ঘটনায় ভাসতে থাকা শিশুসহ সাতজন যাত্রী। মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ঘাটের অদূরে পদ্মা নদীতে সোমবার নৌকাডুবির ঘটনায় এক যাত্রী ৯৯৯ নম্বরে ফোন করলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় রক্ষা পায় এসব যাত্রী।

নৌকাডুবির প্রায় দেড়ঘণ্টা পর ফায়ার সার্ভিস কর্মীরা নারী ও শিশুসহ সাতজনকে উদ্ধার করে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, ‘সোমবার বিকালে হরিরামপুরের ধুলসুড়া থেকে পাবনায় বেড়াতে যাওয়ার সময় পাটুরিয়া ফেরিঘাটের অদূরে ইঞ্জিনচালিত নৌকা পদ্মা নদীতে ডুবে যায়। এতে ৫ মাসের শিশু ফাতেমা, তার বোন সুর্মি (৮), উর্মি (১০), বাবা ওমর আলী, মা চম্পা বেগম, আত্মীয় হিরা (২৫) ও মাঝি লাল চাঁদ মিয়া (৫৫) নদীতে ভাসতে থাকে। খবর পেয়ে পাটুরিয়া ঘাটে অবস্থানরত দমকল বাহিনীর ধলেশ্বরী জাহাজের সদস্যরা এদের উদ্ধার করে চিকিৎসা দেয়। তবে নৌকা উদ্ধার হয়নি।’