কিশোরগঞ্জে স্ত্রীকে হত্যার পর সম্রাটের আত্মহত্যা

লাশকিশোরগঞ্জের করিমগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর সম্রাট মিয়া নামে এক ব্যক্তি নিজেও আত্মহত্যা করেছেন। উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের দেওপুর কাজলাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকালে ঘর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। করিমগঞ্জ থানার ওসি মুজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পুলিশ জানিয়েছে, নিয়ামতপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জহুর উদ্দিনের ছেলে সম্রাট মিয়া মঙ্গলবার রাতের কোনও একসময় তার স্ত্রী শোভা আক্তারকে গলাটিপে হত্যা করে। পরে নিজেও ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ফাঁস আত্মহত্যা করে। নিহত শোভা পাশের ইটনা উপজেলার বারিবাড়ি ইউনিয়নের শিমুলবাগ গ্রামের আব্দুল হকের মেয়ে।

সাত মাস আগে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। শোভা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল। মঙ্গলবার তারা পরিবারের সঙ্গে টিভি দেখে ঘুমাতে যায়। সকাল ৯টার দিকে তারা ঘুম থেকে না উঠলে পাশের রুম থেকে স্বজনরা সিলিং ভেঙে ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী জানিয়েছেন, সম্রাট মানসিকভাবে অসুস্থ ছিল। তাকে দুবার পাবনা মানসিক হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়েছে। কিছুটা সুস্থ হলে তাকে বিয়ে দেওয়া হয়। এ ঘটনায় করিমগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

করিমগঞ্জ থানার ওসি মুজিবুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে সম্রাট মিয়াকে ঝুলন্ত অবস্থা উদ্ধার করেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে স্ত্রীকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।