সোনালী ব্যাংকের এক কর্মচারীকে হত্যার পর রাস্তায় ফেলে গেছে দুর্বৃত্তরা

লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে আব্দুল মান্নান (৫১)নামে সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের এক কর্মচারিকে হত্যার পর লাশ মাইক্রোবাস থেকে রাস্তায় ফেলে গেছে দুর্বৃত্তরা। বুধবার বেলা ১১টার দিকে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় ঢাকামুখী একটি মাইক্রোবাস থেকে লাশটি ফেলে দেওয়া হয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

নিহত আব্দুল মান্নান কুমিল্লার বড়ুরা থানার কৃষ্ণপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, বুধবার বেলা ১১টায় ঢাকামুখী কালো রঙের একটি মাইক্রোবাস থেকে সিদ্ধিরগঞ্জের মৌচাক স্যামস ফিলিং স্টেশনের পাশে এক ব্যক্তির লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। নিহতের সঙ্গে একটি কালো রঙের ব্যাগও ছিল। নিহতের চোখ সাদা রঙের টেপ দিয়ে মোড়ানো ছিল এবং চোখে কালো সানগ্লাস পড়া ছিল। নিহতের বুকে আঘাতে চিহ্ন রয়েছে।  সে সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিল।

পুলিশের ধারণা আব্দুল মান্নান মাইক্রোবাসে উঠলে দুর্বৃত্তরা তার কাছ থেকে সর্বস্ব হাতিয়ে নিয়ে বুকে আঘাত করে এবং পরে তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি ওই স্থানে ফেলে যায়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মেহেদী ইমরান সিদ্দিকী জানান, এক ব্যক্তিকে হত্যা করে লাশ মাইক্রোবাস থেকে ফেলে গেছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের বা  মলম পার্টি কিংবা অজ্ঞান পার্টি তাকে হত্যা করেছে। তবে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।