সোনারগাঁওয়ে বখাটের ইটের আঘাতে কলেজছাত্রীর মৃত্যু

 

Narayanjangনারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বখাটের ছোড়া ইটের আঘাতে সায়েমা আক্তার (২২) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুলাই) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঘটনার পর থেকে অভিযুক্ত বখাটে রিয়াজ উদ্দিন পলাতক রয়েছেন। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরর্শেদ আলম পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

সায়েমা বন্দর উপজেলার মদনপুর নাজিম উদ্দিন ভূঁইয়া ডিগ্রী কলেজের স্নাতক ২য় বর্ষের ছাত্রী। সে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের ফজল মিয়ার মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সায়েমা গত মঙ্গলবার বাড়িতে একা কাজ করছিল। এসময় একই গ্রামের তার বোনের দেবর রিয়াজ উদ্দিন বাড়িতে এসে তার সঙ্গে কথাবার্তা বলছিল। কথা বলার এক পর্যায়ে সায়েমাকে কুপ্রস্তাব দেয় রিয়াজ । পরে সায়েমা তার প্রস্তাবে রাজি না হয়ে হৈচৈ শুরু করে। এতে রিয়াজ চটে গিয়ে ইট দিয়ে সায়েমার মাথায় আঘাত করে। ইটের আঘাতে সায়েমা মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় সায়েমাকে বাড়ির পাশের লোকজন উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সায়েমা চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

ওসি মো. মোরশেদ আলম জানান, বখাটে রিয়াজ উদ্দিনকে ধরতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতলে ময়ন্তাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।