মির্জাপুর থানার ওসি (তদন্ত) শ্যামল কুমার দত্ত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার গভীর রাতে ১২ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি নাজমুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে থানায় নিয়ে আসার পথে মহাসড়কের চরপাড়ায় পৌঁছালে নাজমুলের সহযোগীরা তাকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশের গাড়িতে থাকা নাজমুল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে নাজমুল গুলিবিদ্ধ হয়ে আহত হয়।’
তিনি আরও বলেন, ‘আহত অবস্থায় নাজমুলকে উদ্ধার করে কুমুদিনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার অবস্থার অবনতি ঘটে। উন্নত চিকিৎসার জন্য নাজমুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার শারীরিক অবস্থার অবনতি হলে গাজীপুরের শেখ ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাজমুলের নামে খুন, ডাকাতি, অস্ত্র , মাদক ও ছিনতাইসহ মির্জাপুর থানায় ১২টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে দুটি ছুরি, ১টি চাকু ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।