ফরিদপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীতে অবাধে ধরা হচ্ছে রেণু পোনা

চলছে রেণু পোনা আহরণফরিদপুর জেলার সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদীতে বিভিন্ন প্রজাতির মাছের রেণু পোনা ধরা হচ্ছে। এ জন্য ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ টুনা জাল, বেড় জাল, মশারি জাল ও ভেশাল। আইনগতভাবে এসব জাল দিয়ে রেণু পোনা ধরা নিষিদ্ধ থাকলেও এখানে তা মানা হচ্ছে না। ফলে নদী, খাল-বিল ও উন্মুক্ত জলাশয় দিন দিন মাছ শূন্য হয়ে যাচ্ছে।

জানা গেছে, জেলার পদ্মা নদীর তীরবর্তী এলাকার নারিকেলবাড়ীয়া ইউনিয়নের নন্দলালপুর, খালপাড় ভার শিমুল, বেথুয়া, নূরুউদ্দিন সর্দার কান্দি, খাস দিয়ারা, চরনাছিরপুর ৮৮জখাঁ নদীর চরবলাশিয়া, চন্দ্রপাড়া, শিমুল তলা, দর্গাবাজার, চরমানাইর, গিয়াসউদ্দিন ফকির কান্দি, মুন্সী কান্দি এলাকায় অবাদে মাছের রেণু পোনা ধরা চলছে। অভিযোগ রয়েছে কিছু মাছ ব্যবসায়ী ও জেলেরা সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আঁতাত করে দীর্ঘদিন ধরে রেণু  পোনা শিকার করে যাচ্ছে। পাশাপাশি পদ্মা নদীতে ধরা হচ্ছে ইলিশের পোনা ও জাটকা।

নারিকেলবাড়ীয়ার ইউপি সদস্য মো. হারুন অর রশীদ, নূরু আকন ও জব্বার মোল্লা জানান, আইনগতভাবে রেণু  পোনা ধরা নিষেধ থাকলেও বিভিন্ন ব্যক্তি বিশেষ ও প্রশাসনকে ম্যানেজ করে অবাধে মাছ শিকার চলছে।

জেলে রাধা কান্ত মালো বলেন, রেনু পোনা ধরার জন্য প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক জেলেদের লাইসেন্স দেওয়া হয়। অথচ এবছর তা দেওয়া বা নবায়ন করা হয়নি। ফলে অনেকে বাধ্য হয়ে অবৈধ উপায়ে রুই, কাতল, মৃগেল ইত্যাদি মাছের পোনা ধরছে।

উপজেলা মৎস্য অফিসার ফাতেমা আক্তার পান্না বাংলা ট্রিবিউনকে বলেন, অবৈধভাবে রেণু পোনা ধরা হচ্ছে এমন অভিযোগ পেয়েছি। আগামী কয়েকদিনের মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।