শ্রীপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে মা নিহত

গাজীপুরগাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরের হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে সুফিয়া আক্তার (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত সুফিয়া শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর গ্রামের রুস্তম আলীর স্ত্রী। সোমবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নিহতের ছেলে আবু সাঈদ জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী বাচ্চু গংয়ের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সোমবার রাতে বাচ্চু ও তার ভাইদের সঙ্গে সাঈদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বাচ্চু তাকে মারধর শুরু করে। এ সময় মা সুফিয়া খাতুন বাধা দিতে গেলে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে আহত হন। স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা শারমিন জানান, ওই নারীর হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। তবে তার শরীরে কোথাও কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

অভিযুক্ত বাচ্চুর মুঠোফোনটি বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান মল্লিক জানান, নিহতের স্বজনরা মারধরের অভিযোগ করায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।