রাজবাড়ীতে দাদি-নাতনির গলাকাটা লাশ উদ্ধার

01

রাজবাড়ী জেলা সদরের পশ্চিম মূলঘর গ্রামে দাদি ও নাতনির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন শাহেদা বেগম (৫০) ও তার নাতনি লামিয়া আক্তার (৬)। শুক্রবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেয়।
নিহত শাহেদা বেগম জেলা সদরের পশ্চিম মুলঘরের ২নং ওয়ার্ডের রডমিস্ত্রি শাহজাহান মিয়ার স্ত্রী ও লামিয়া ভ্যানচালক শাহিদুল মিয়ার মেয়ে। বর্তমানে শাহজাহান মিয়া ও তার ছেলে শাহিদুল মিয়া ঢাকায় কর্মরত বলে জানা গেছে।
নিহত শাহেদা বেগমের দেবর শফিক মিয়া জানান, তিন দিন ধরে শাহেদা বেগম ও শিশু লামিয়া তাদের ঘরে বসবাস করছে। শুক্রবার দুপুর পর্যন্ত তাদের কোনও সাড়াশব্দ না পেয়ে বাড়ির অন্যরা গিয়ে দেখে দুজনের রক্তাক্ত লাশ বিছানায় পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ দুটি উদ্ধার করেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য শাহেদা ও তার নাতনি লামিয়ার লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতদের গলাকেটে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ।