সাভারে প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

ঢাকাসাভারে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে কারের চালক রফিকুল ইসলাম রফিক (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। রবিবার (৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের জোরপুল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

নিহত রফিক মাদারীপুরের সিদ্দিক বেপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়,  রবিবার দুপুরের দিকে দুই জন যাত্রী নিয়ে প্রাইভেটকারের চালক সাভার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে পৌঁছালে একটি মোটারসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি মহাসড়কের অ্যাইল্যান্ডের ওপর উঠে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।