আড়াইহাজারে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে মামলা

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের আড়াইহাজারে ভুল চিকিৎসায় জসিম উদ্দিন (৩৩) নামে এক মৎস্য ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।  রবিবার (৫ আগস্ট) রাতে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের পূর্বকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ব্যবসায়ীর বাবা সুবেদ আলী বাদী হয়ে সোমবার (৬ আগস্ট) সন্ধ্যায় পল্লী চিকিৎসক মফিজুল ইসলামসহ দুই জনের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছেন।

নিহত জসিম উদ্দিন ঢাকার যাত্রাবাড়ী এলাকার মৎস্য ব্যবসায়ী ছিলেন। তার বাড়ি আড়াইহাজার উপজেলার পূর্বকান্দি গ্রামে।

মামলার অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, জসিম উদ্দিন অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছিলেন। রবিবার রাতে পল্লী চিকিৎসক মফিজুল ইসলামের কাছে তিনি চিকিৎসা নিতে যান। এসময় তাকে অ্যালার্জির চিকিৎসার জন্য শরীরে ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশন দেওয়ার আধা ঘণ্টার মধ্যেই তিনি মারা যান। ঘটনার পর চিকিৎসক মফিজুল ইসলাম ও আব্দুল কুদ্দুস পালিয়ে গেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ও কালাপাহাড়িয়া তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে।