পদ্মায় ফেরির তলা ফেটে পানি উঠছে, পাম্প দিয়ে পানি অপসারণ চলছে

দুর্ঘটনা কবলিত ফেরি রানীক্ষেত

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটের লৌহজং টার্নিং পয়েন্টে ২০টি যানবাহন ও যাত্রী নিয়ে যাওয়ার সময় ‘রানীক্ষেত’ নামে একটি ফেরির তলা ফেটে পানি উঠতে শুরু করে। পরে পাম্প দিয়ে পানি অপসারণ করা শুরু করে বিআইডব্লিউটিসি। বেলা ১১টার দিকে ফেরিটির তলা ফেটে এই অবস্থার সৃষ্টি হয়।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ফেরিঘাটের ম্যানেজার সালাম হোসেন জানান, শিমুলিয়া ফেরি ঘাটের ম্যানেজার শাজাহান মিয়া পাম্প নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। পাম্প দিয়ে পানি অপসারণ করা হচ্ছে, আপাতত বড় ধরনের কোনও দুর্ঘটনার আশঙ্কা নেই।

উল্লেখ্য, এই ফেরিটি এক বছর আগে তলা ফেটে একই ধরনের দুর্ঘটনায় পড়ে। তবে কোনও ধরনের সমস্যা ছাড়াই পাম্প দিয়ে পানি সেচে ফেরিটি উদ্ধার করা হয়।