শ্রীপুরে মোটরসাইকেলের চাপায় বৃদ্ধ নিহত, আটক তিন

গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল চাপায় আব্দুল গফুর নামের  ৮০ বছরের একজন বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি একই উপজেলার আবদার গ্রামের মৃত ফজর আলীর ছেলে। বুধবার দুপুরে জৈনা বাজার-কাওরাইদ সড়কে এইচডিএফ কারখানার সামনে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় জনতা দুর্ঘটনার সঙ্গে জড়িত তিন তরুণকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।গাজীপুর

আটক তিন জন হলো শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের লিটন মিয়ার ছেলে সাগর মিয়া (২০), মৃত আব্দুস সোবহানের ছেলে বিল্লাল হোসেন (১৮) ও শফিকুল ইসলামের ছেলে সাঈদ আল মুবিদ (১৯)।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব কুমার সাহা স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন, নিহত আব্দুল গফুর এইচবিএফ অ্যাপারেলস কারখানার সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থাতে সন্ধ্যায় তার মৃত্যু হয়। 

আটক তিন তরুণের মধ্যে সাগর মিয়া মোটরসাইকেলটি চালাচ্ছিল। সে মোটরসাইকেলের সঠিক কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তার কোনও ড্রাইভিং লাইসেন্সও নেই। নিহতের স্বজনদের পদক্ষেপের ভিত্তিতে আটক তিন তরুণের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।