শ্রীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাজীপুরগাজীপুরের শ্রীপুরে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো- পেলাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে আরাফাত শেখ (৮) ও আলমগীর শেখের ছেলে শ্রাবণ সরকার (৭)। সোমবার (২০ আগস্ট) বেলা ১১টায় উপজেলার গোসিংগা ইউনিয়নের পেলাইদ গ্রামে খালে মাছ ধরতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে তাদের মৃত্যু হয় । নিহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

নিহতের চাচা নজরুল ইসলাম মোড়ল বলেন, সকালে আরাফাত ও আলমগীর বাড়ির পাশের খালে অন্য শিশুদের সঙ্গে খেলতে যায়। এসময় তারা পানিতে নেমে মাছ ধরতে গেলে ডুবে যায়। তাদের সহপাঠীরা ডুবে যাওয়ার ঘটনাটি বুঝতে পারেনি।

তিনি আরও জানান, এসময় খালের পাশে মাছ ধরছিলেন আরাফাতের চাচা মোশারফ হোসেন। শিশুরা আরাফাত ও শ্রাবণকে অনেক সময় ধরে দেখতে না পেয়ে চাচা মোশারফকে জানায়। পরে তিনি খালের এক পাশে পানির ওপরে দুই শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্ত্যব্যরত চিকিৎসক ডা. আবু রায়হান জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোনও অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।