দক্ষিণাঞ্চলের যাত্রীর ঈদ শেষে কর্মস্থলে ফিরছে। এ কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে যাত্রীদের চাপ বেড়েছে। অন্যদিকে নাব্য সঙ্কটের কারণে ও ড্রেজিং কাজ চলায় নদীতে রো রো ফেরি চলাচল ব্যাহত হচ্ছে বলে জানান ঘাট কর্তৃপক্ষ। এদিকে ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণে চাপ বেড়েছে লঞ্চ ও স্পিডবোটে। তবে লঞ্চ ও ফেরিতে অন্য সময়ের মত যাত্রীদের উপচে পড়া ভীড় নেই।
বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টে গত দু’সপ্তাহ ধরে নাব্য সঙ্কট দেখা যায়। নাব্য সঙ্কট দূর করছে নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু অপসারণের কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। ড্রেজিং কাজ চলমান থাকায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এই নৌরুটে ২০টি ফেরির মধ্যে ২টি বড় আকৃতির রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে। বাকি কে-টাইপ, ডাম্প ফেরিসহ ১৮টি ফেরি চলাচল স্বাভাবিক।
মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ বলেন, পরিস্থিতি মোকাবেলায় পুলিশ, র্যাব, এপিবিএন, ফায়ার সার্ভিস ও প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে তদারকি করা হচ্ছে যাতে যাত্রীদের চলাচলে কোনও সমস্যা না হয়।