মাঝ পদ্মায় নোঙর করে থাকা ফেরিনাব্য সংকটের কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রী ও বাস চালকরা। তবে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে।
বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, নদীতে ড্রেজিং কাজ চলমান থাকায় এই নৌরুটে শনিবার রাত ১১টা থেকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পাশাপাশি বিকল্প নৌরুট পাটুরিয়া-দৌলদিয়া ঘাট ব্যবহারের পরামর্শ তাদের। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয় পাড়ে আটকা পড়েছে ৮ শতাধিক যানবাহন।
কাঁঠালবাড়ি-শিমুলিয়া ফেরিঘাটএদিকে, রবিবার (২৬ আগস্ট) ভোরে পরীক্ষামূলকভাবে কোনও যানবাহন ছাড়া শুধু এক হাজারের বেশি যাত্রী নিয়ে কাঁঠালবাড়ি ফেরিঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া কিশোরী নামের একটি ফেরি লৌহজং টার্নিং পয়েন্টে ডুবোচরে আটকা পড়ে। এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা করে ডুবোচরের হাত থেকে রক্ষা পেলেও ফেরিটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর মাঝ পদ্মায় ফেরিটিকে নোঙর করে রাখা হয়েছে। ফেরিটিকে উদ্ধারে টাগবোট চেষ্টা করছে বলে জানিয়েছেন ঘাট কর্তৃপক্ষ।