অন্তর্বর্তীকালীন সরকারে বিএনপির থাকার সুযোগ নেই: সেতুমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কের সভারের হেমায়েতপুরে ইন্টারসেকশন আলোকিতকরণ উদ্বোধন অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বিএনপির থাকার কোনও সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘পাশাপাশি স্বতন্ত্র কোনও  সংসদ সদস্যেরও থাকার সুযোগ থাকছে না।’

রবিবার (২৬ আগস্ট) দুপরে ঢাকা-আরিচা মহাসড়কের সভারের হেমায়েতপুরে ইন্টারসেকশন আলোকিতকরণ উদ্বোধন করতে এসে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপির যেহেতু সংসদে প্রতিনিধিত্ব নেই, তাই কোনোভাবেই অন্তবর্তীকালীন সরকারে তাদের থাকার সুযোগ নেই।  সরকারের আয়তন যেহেতু ছোট হয়ে যাবে, ফলে  জাতীয় পার্টি থাকলেও স্বতন্ত্র প্রার্থী থাকছেন না। তবে বিএনপি গণতন্ত্রের নামে কোনও সহিংসতা সৃষ্টি করলে জনগণই তা প্রতিহত করবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘সড়ক দুর্ঘটনায় শুধু গাড়ির প্রতিযোগিতা দায়ী নয়, ছোট-ছোট যানবাহনও র্দুঘটনার অন্যতম কারণ। সম্প্রতি সড়ক র্দুঘটনার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী দশ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’