বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহীন মণ্ডল জানান, এ ঘটনায় পুলিশ সনেট, হৃদয় ও আরিফসহ ছয়জনকে গ্রেফতার করেছে। রুবেল মিয়ার ভাই সুমন মিয়া বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহত রুবেল বন্দর উপজেলার কাইতাখালী কদমতলী এলাকার মৃত আজগর আলীর ছেলে।
বন্দর থানার ওসি জানান, সোমবার (২৭ আগস্ট) রাতে কদমতলীর কাইতাখালী এলাকার মাদক বিক্রেতা আবুল হোসেনের কাছে সনেট নামে এক যুবক দুই হাজার টাকা দাবি করে। এ নিয়ে আবুল হোসেন ও সনেটের মধ্যে ঝগড়া হয়। সনেট এলাকার মাদকসেবী। অটোরিকশা চালক রুবেল মিয়া সেখানে উপস্থিত হয়ে সনেটের দাবিকৃত টাকা দিতে নিষেধ করে এবং মাদক ব্যবসা বন্ধ করতে বলে। এতে সনেট ও তার লোকজন ক্ষুব্ধ হয়ে রুবেল মিয়াকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে ও ইট দিয়ে মাথায় আঘাত করে। পরে স্থানীয় লোকজন রুবেল মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে সে মারা যায়।