গাইবান্ধায় শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

গ্রেফতারগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হলে অভিযুক্ত আব্দুল আলিম ওরফে আঙ্গুর (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আব্দুল আলিম গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের পারইল গ্রামের মৃত আছাব আলীর ছেলে।

এর আগে, সোমবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের পারইল গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

গুরুতর অসুস্থ শিশুটি বর্তমানে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আব্দুল আলিমের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় রাতেই মামলা করে শিশুর পরিবার।

শিশুর পরিবার জানায়, সোমবার রাতে আব্দুল আলিম শিশুটিকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণ করে। এ সময় শিশুটি অচেতন হয়ে পড়লে তাকে ফেলে পালিয়ে যায় আব্দুল আলিম। পরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। এরপর ধর্ষণের ঘটনা জানাজানি না করতে তাদের নানাভাবে হুমকি দেয়া হয়। ঘটনা জানাজানি ও কোনও মামলা করলে তাদের হত্যা করার ভয়ও দেখায় আব্দুল আলিম। এ ঘটনায় আব্দুল আলিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিশুর স্বজনরা।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, শিশু ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর আব্দুল আলিমকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল আলিম শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছে। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া গ্রেফতার আব্দুল আলিমকে আদালতে পাঠানো হয়েছে।