কেরানীগঞ্জে যুবকের লাশ উদ্ধার

ঢাকাঢাকার কেরানীগঞ্জে বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকা থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. ইমরান হোসেন (৩১)। বুধবার (২৯ আগস্ট) বিকালে তার লাশ উদ্ধার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. আক্কাস আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লোক মারফত খবর পেয়ে আমরা বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকার একটি রাস্তার ওপর পড়ে থাকা অবস্থায় ইমরানের লাশ উদ্ধার করি। ইমরানের ডান চোখে ও ডান কানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি (অপারেশন) মো. কামাল উদ্দিন ও পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি (অপারেশন) মো. কামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো ঘটনার কারণ জানতে পারিনি।’

ইমরানের বাবার নাম মো.আবুল কাশেম। বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানার মনুরবাগ এলাকায়।