আশুলিয়ায় নিখোঁজের ১৫ দিন পর যুবকের লাশ উদ্ধার

লাশআশুলিয়ায় নিখোঁজের ১৫ দিন পর সোহাগ হোসেন নামে (২৬) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে আউকপাড়া এলাকার স্থানীয় একটি জঙ্গল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফয়সাল ও মেহেদী নামে দুই যুবককে আটক করা হয়েছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আশুলিয়ার আউকপাড়া এলাকায় সাগর তার পরিবারের সঙ্গে  থেকে চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করতেন। গত ২০ আগস্ট মুঠোফোনের মাধ্যমে তাকে বাড়ি থেকে ডেকে পাশের একটি জঙ্গলে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে থাকা মেহেদী, ফয়সাল ও সাগর মাথায় ইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়। পরে নিহতের লাশ জঙ্গলের ভেতরে ফেলে রেখে যায় হত্যাকারীরা। পরদিন নিহতের পরিবার আশুলিয়া থানায় একটি নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি দায়ের করেন। পরে পুলিশ নিহতের কললিস্টের সূত্র ধরে ফয়সালকে আটক করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে আউকপাড়া এলাকার জঙ্গল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

এসআই মনিরুজ্জামান বলেন, সাগরের কাছে একটি মেয়ের কললিস্ট ও ছবি ছিল। এ নিয়ে তার বন্ধু সাগরের সঙ্গে বিরোধ চলছিল। এ কারণে গত ২০ আগস্ট মেহেদী, ফয়সাল ও সাগর তাকে ডেকে নিয়ে ওই কললিস্ট ও ছবি নেওয়ার চেষ্টা করে। পরে না দেওয়ায় সাগরকে ইট দিয়ে থেতলে হত্যা করা হয় বলে আটককৃতরা স্বীকার করেছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।