গ্রেফতারকৃত স্বর্ণ চোরাচালান চক্রের সদস্যরা হলো- মো. মহসীন খান (৪৭), ফিরোজ আহম্মেদ (৩৪), মো. সিদ্দিকী (৪৬), মো. মিজান (৩৪) ও আমিনুল ইসলাম (৪৭)।
কমান্ডার রাসেল আহমেদ কবীর জানান, র্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে স্বর্ণ চোরাকারবারী চক্রের কিছু সদস্য চোরাচালানের মাধ্যমে স্বর্ণবার মৈনটঘাট হয়ে যশোর থেকে ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি শুক্রবার সকাল ৮টায় মৈনটঘাট এলাকায় একটি চেকপোস্ট বসায়। র্যাবের চেকপোস্ট দেখতে পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ২০০টি স্বর্ণের বারসহ আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের ৫ সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করা হয়।
তিনি জানান, আটককৃতদের বেল্ট ও জুতার ভেতর থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোনসহ নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়। ২০০টি স্বর্ণের বারের মোট ওজন ২৩ কেজি ৩২৮ গ্রাম, স্বর্ণের গুণগতমান ২৪ ক্যারেট এবং বিশুদ্ধতার মান শতকরা ৯৯.৯৯ ভাগ। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৯ কোটি টাকা।
তিনি আরও জানান, এ বিষয়ে ঢাকার দোহার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।