কুষ্টিয়ার সেই বাসমালিক ফরিদপুর থেকে গ্রেফতার

গ্রেফতার বাসমালিককুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় বাসের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে শিশু আকিফা খাতুনের মৃত্যুর ঘটনায় বাসমালিক  মো. জয়নাল আবেদীনকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ফরিদপুর  র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক জনাব মো. রইছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘বাসমালিক  মো. জয়নাল আবেদীন অনেকদিন ধরে আত্মগোপনে ছিলেন। এরপর খবর পেয়ে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।’

উল্লেখ্য,২৮ আগস্ট (মঙ্গলবার) দুপুরে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় পথচারী মা-মেয়েকে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস ফয়সাল গঞ্জেরাজ। এতে মা রিনা বেগম ও শিশু আকিফা খাতুন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত মা ও মেয়েকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। মাথায় আঘাত পাওয়ায় শিশুটির অবস্থার অবনতি হলে তাকে ওই দিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার (৩০ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া মডেল থানায় দণ্ডবিধির-৩০৪ ধারায় মামলা দায়ের করেন নিহত আকিফার বাবা হারুন উর রশীদ। নিহত আকিফা কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকার খুদ্র ব্যবসায়ী হারুন উর রশিদের মেয়ে।