তাড়াইল উপজেলা পরিষদের উপনির্বাচনে চার জনের মনোনয়নপত্র দাখিল

আওয়ামী লীগ প্রার্থী আজিজুল হক ভূঞা মোতাহার ও বিএনপির প্রার্থী মো. ছাইদুজ্জামান মোস্তফা তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে মোট চার জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার (৯ সেপ্টেম্বর) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।আগামী ৩ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক ভূঞা মোতাহার ও বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি মো. ছাইদুজ্জামান মোস্তফা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কমিউনিটি পুলিশিং তাড়াইল উপজেলা শাখার সভাপতি একেএস জামান সম্রাট ও তাড়াইল উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক লাল মিয়ার ছেলে মাহমুদুল হাসান রনি।

তাড়াইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঢালি জানান, মনোনয়নপত্রগুলো সোমবার (১০ সেপ্টেম্বর) যাচাই-বাছাই করা হবে। ১৭ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন। ওইদিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

উল্লেখ্য, তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক কামাল উদ্দিন ভূইঁয়া কাঞ্চন। গত ১৮ জুলাই নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফলে তার পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।