সাভারে নারীসহ ২ জনের লাশ উদ্ধার

সাভারসাভার পৌর এলাকার জালেশ্বর মহল্লা এলাকার ভাড়া বাড়ি থেকে মুন্নি খাতুন নামে এক (১৫) গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ সেপ্টেম্বর) সকালে গৃহবধূর পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে নিজ কক্ষের ভেতরে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় ।

নিহত গৃহবধূ পাবনা জেলার আতাইকুলা থানার কুটিগ্রামের হাবিবুল্লার স্ত্রী।

এ ঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার থানায় মামলা দায়ের করা হবে।

অপরদিকে আশুলিয়ায় ভাড়ার জন্য বাড়ি মালিকের অপমান সহ্য করতে না পেরে হাসান ইমাম নামে এক যুবক নিজকক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার হানি দেওয়ানের বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় হাসান ইমাম তার স্ত্রীকে নিয়ে গত চার মাস যাবৎ হানি দেওয়ানের বাড়িতে ভাড়া থাকেন। তবে প্রতি মাসে একশত টাকা করে মোট চারশত টাকা কম ভাড়া পরিশোধ করা হয়েছে বলে বাড়ির মালিক বকেয়া টাকা পরিশোধের দাবি জানান। এ সময় দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে তারা বাড়ি ছেড়ে চলে যেতে চায়। এতে বাড়িওয়ালা আরও ক্ষিপ্ত হয়ে ছয় মাসের অতিরিক্ত ভাড়া দাবি করেন । এ নিয়ে বাড়ির মালিক ওই যুবককে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পরে রবিবার গভীর রাতে নিজ কক্ষের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে যুবক।