বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহীন মণ্ডল জানান, মঙ্গলবার রাত সোয়া ৩টার দিকে বন্দর উপজেলার সোনাচরা এলাকায় দুই দল ডাকাতের ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে।তখন আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে ইব্রাহিম হোসেন নামে এক ডাকাত নিহত হয়। ঘটনাস্থল থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার বাড়ি রূপগঞ্জ উপজেলায়।
এছাড়া সোমবার রাত সাড়ে ৩টার দিকে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৮নং সেক্টর এলাকায় দুই দল ডাকাত মালামাল ভাগাভাগি নিয়ে গোলাগুলি করে। এতে গুলিবিদ্ধ হয় রাজা মিয়া নামে এক ডাকাত। গুরুতর অবস্থায় ওই ডাকাতকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে। নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, দুই দল ডাকাতদের গোলাগুলিতে দুই ডাকাত নিহত হয়েছে। অস্ত্র উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে।