নার্সিং ইনস্টিটিউটে ছাত্রী যৌন হয়রানি, অফিস সহকারীকে জুতাপেটা

 

01রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের অফিস সহকারী মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে। এ অভিযোগে রবিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তার কক্ষে অবরুদ্ধ করে জুতাপেটা করেছে শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাত্রীরা জানায়, অফিস সহকারী রফিকুল বিভিন্ন সময়ে ছাত্রীদের নিয়ে অশ্লীল কথাবার্তা বলেন। ছাত্রীদের কুপ্রস্তাব দেন। আজ এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে তাকে নিজ কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। পরে জুতাপেটা করে তার গলায় জুতোর মালা পড়ানো হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক স্বপন কুমার কুন্ডু বলেন, ‘অফিস সহকারী রফিকুল ছাত্রীদের যৌন হয়রানি করার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘নাসিং ইনস্টিটিউটের ইনচার্জ ছালেহা বেগমের প্রশ্রয়ে রফিকুলের এমন কর্মকাণ্ড দিন দিন বেড়ে চলেছে।’

রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) এনছের আলী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত রফিকুলকে আটক করে থানায় নিয়ে আসতে চাইলে জেলা সিভিল সার্জন ডা. রহিম বক্স তাকে রেখে দেন। এ বিষয়ে তারা নাকি বিভাগীয় ব্যাবস্থা নেবেন।’