তিনি জানান, রাষ্ট্রপতি সেখানে বেশকিছু জনসভায় বক্তৃতা করবেন এবং অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনে মতবিনিময় সভায় যোগ দেবেন।
গত ২৪ এপ্রিল দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এটি হবে কিশোরগঞ্জের প্রত্যন্ত অঞ্চল ও তার গ্রামের বাড়িতে দ্বিতীয় সফর।
রাষ্ট্রপতির সফরসূচিতে জানা যায়, সোমবার দুপুর ১২টায় রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি কিশোরগঞ্জের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। বিকেল ৩টার দিকে রাষ্ট্রপতি অষ্টগ্রাম উপজেলা খেলার মাঠে এক জনসভায় যোগ দেবেন। পরে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যম ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করবেন।
মঙ্গলবার বেলা ১১টায় রাষ্ট্রপতি অষ্টগ্রাম-নওগাঁ ও অষ্টগ্রাম-কাস্তুল-বাঁশতলা সড়কের উন্নয়ন কাজের অগ্রগতি দেখবেন। পরে তিনি অষ্টগ্রামে রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ প্রাঙ্গণে অপর এক জনসভায়ও বক্তৃতা করবেন। এরপর সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন।
সফরসূচি অনুযায়ী বুধবার বেলা ১১টায় রাষ্ট্রপতি ইটনা উপজেলার ইটনা-জিলা রোড প্রত্যক্ষ করবেন। সফরের তৃতীয় দিনে রাষ্ট্রপতির মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজ মাঠে এক জনসভায় বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় মিঠামইন উপজেলায় বেশ কয়েকটি উন্নয়ন কাজ পরিদর্শন করে বিকেলে তিনি হাজী তৈয়ব উদ্দিন স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন। রাতে রাষ্ট্রপতি নিজ বাড়িতে অবস্থান করবেন।
সর্বশেষ শুক্রবার রাষ্ট্রপতি মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে অবস্থিত তার পৈতৃক বাড়ির পাশের মসজিদে জুমার নামাজ আদায় করবেন।
জুম্মার নামাজ শেষে রাষ্ট্রপতি মসজিদ সংলগ্ন বাবা মো তৈয়বউদ্দিন ও মা তমিজা খাতুনের কবর জিয়ারত করবেন। এরপর শুক্রবার বিকেলেই রাষ্ট্রপতির ঢাকা ফেরার কথা রয়েছে।