মাদারীপুরে ‘বন্দুকযুদ্ধে’ মোটরসাইকেল চোরচক্রের হোতা নিহত

বন্দুকযুদ্ধমাদারীপুর সদর উপজেলার উত্তর শিরখাড়া গ্রামে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মোটরসাইকেল চোরচক্রের হোতা আলিম মোল্লা নিহত হয়েছে। রবিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার এসব তথ্য জানিয়েছেন।

নিহত আলীম মোল্লা মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের সামসুল হক মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত ৩টার দিকে ডাকাতির প্রস্তুতির সংবাদ পেয়ে শিরখাড়া ইউনিয়ন এলাকায় গেলে পুলিশের ওপর আক্রমণ করে ডাকাতদল। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ডাকাতদল পালিয়ে গেলে সেখান থেকে আলীম মোল্লার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি পাইপগানও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার সুব্রত কুমার হালদার জানান, নিহত আলীম মোল্লা একজন কুখ্যাত ডাকাত এবং মোটরসাইকেল চুরিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে রংপুরে ডাকাতিসহ ৪টি মামলার তথ্য পাওয়া গেছে।
নিহত আলীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।