ওই ছাত্রীর বাবা ও স্বজনরা জানান, গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা মোল্লাপাড়া এলাকার নূর ইসলামের ছেলে কাওসার ওই কলেজছাত্রীকে বিয়ের কথা বলে প্রেমের ফাঁদে ফেলে। এরপর গত ৭ জুন কাওসার বিয়ের ব্যাপারে কথা আছে বলে কলেজছাত্রীকে পাশের বাড়িতে ডেকে নিয়ে যায়। বন্ধুদের পাহারায় রেখে ওই বাড়িতে কাওসার তাকে জোর করে ধর্ষণ করে। এসময় ওই মেয়ের কান্নাকাটির শব্দ পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এলে কাওসার ও তার সহযোগীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা কলেজছাত্রীকে ধর্ষণের বিষয়টি গোপন রাখার জন্য হত্যার হুমকি দেয়। এ ঘটনায় ধর্ষণের শিকার ছাত্রী বাদী হয়ে গত ৯ জুন কাওসার ও তার সহযোগী আসাদুল, জনি, সোহেল ও মোহাম্মদ আলীকে আসামি করে জয়দেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে গত ১৯ সেপ্টেম্বর এ মামলায় আদালতে চার্জশিট দেয়।
এদিকে, মামলা দায়েরের পর থেকে আসামিরা মামলা তুলে নিতে ছাত্রীকে বারবার হুমকি দিয়ে আসছিল। মামলা প্রত্যাহার না করায় এবং পুলিশ অভিযোগপত্র দেওয়ার খবর শুনে ক্ষুব্ধ হয় আসামিরা। সোমবার সন্ধ্যায় কাওসারসহ আসামিরা ওই ছাত্রীর বাড়ি যায় এবং তাকে বেধড়ক মারধর করে। শিগগিরি মামলা প্রত্যাহার করা না হলে আসামিরা ওই ছাত্রীকে বড় ধরণের ক্ষতি করবে এবং জীবননাশের হুমকি দেয় বলে ছাত্রীর বাবা অভিযোগ করেন। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে জয়দেবপুর থানায় ওই ছাত্রী একটি সাধারণ ডায়েরি করেছে বলে পুলিশ জানিয়েছে।