গোপালগঞ্জে বাস শ্রমিকদের জরিমানা করায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

সড়কে এলোমেলোভাবে বাস রেখে অবরোধভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাস শ্রমিকদের জরিমানা ও সাজা দেওয়ার প্রতিবাদে গোপালগঞ্জের বেদগ্রাম ও বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে বাস শ্রমিকরা। সোমবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে বাস শ্রমিকরা মহাসড়কের ওপর বাস রেখে অবরোধ সৃষ্টি করে। এতে সড়কের উভয় পাশে বিপুল সংখ্যক যাত্রীবাহী বাস ও বিভিন্ন যানবাহন আটকা পড়েছে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক জানান, গতকাল রবিবার সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ওই সড়কে চলাচলকারী ১২টি বাসকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং দুই চালককে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম মাহফুজুর রহমান নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য এই আদালত পরিচালনা করেন।  

ইউএনও এস এম মাহফুজুর রহমান জানান, গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে চলাচলকারী ১২টি বাসকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চালক রবিউল ইসলামের(৩১) ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং ছাদে যাত্রী উঠানোর অপরাধে ১৫ দিনের সাজা এবং ভুয়া ড্রাইভিং লাইসেন্স দেখানোর কারণে চালক ফাহাদ হাওলাদারকে এক মাসের সাজা দেওয়া হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সানোয়ার হোসেন বলেন, শ্রমিদের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে।