সিদ্ধিরগঞ্জে বিএনপির ১১৯ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা, গ্রেফতার ৭

মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির সাবেক সাংসদ গিয়াস উদ্দিনসহ একশ’ ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।

সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম বাদী হয়ে গ্রেফতার সাত জনসহ ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৯০ জনকে আসামি করে মামলা দায়ের করে। 

গ্রেফতারকৃতরা হলেন, শাহাদাত হোসেন রনি (২১) ওমর ফারুক (১৯), আল আমিন (১৯), শরিফুল ইসলাম (১৯), আবু হানিফ (১৯), গোলজার হোসেন  (৫৫) ও আমজাদ হোসেন (৫৫)।

মামলার অপর আসামিরা হলেন, বিএনপি দলীয় সাবেক সাংসদ ও কেন্দ্রীয়   মুহাম্মদ গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দুই নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন, তৈয়ব আলী, ইসলাম, মহিউদ্দিন মোল্লা, রিয়াজুল ইসলাম রিয়াজ, আকবর হোসেন, মিনার হোসেন, আব্দুল মান্নান, মো. বিলাল হোসেন, শিপন, রিয়াজউদ্দিন রিয়াজ, শাহ আলম মাস্টার, হেলাল, ইমাম হোসেন বাদল, আইয়ুব আলী মুন্সী, মশিউর রহমান মশু, এম এ হালিম জুয়েল, আজহারুল ইসলাম নিপু, পলাশ, আবুল হাসেম কাজি ও পল্টু কর্মকারসহ ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৯০ জনকে আসামি করা হয়েছে। 

মামলায় উল্লেখ করা হয়, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপি’র নেতাকর্মীরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার রাজ টিম্বার মিলের সামনের রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মিছিল করতে থাকে। এসময় পুলিশ মিছিলকারীদের মিছিল করতে নিষেধ করলে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা নিয়ে ও ইট পাটকেল ছুঁড়ে হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে ধাওয়া করলে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এসময় সাতজনকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে ৯টি অবিস্ফোরিত ককটেল, ২টি কাঠের লাঠি ও ৩৭টি ছোট পাথরের টুকরো উদ্ধার করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।