দুধ দিয়ে গোসল করা সেই আ.লীগ বিদ্রোহী প্রার্থীর জয়

রহিজ উদ্দিন আকন্দদুধ দিয়ে গোসল করে আলোচনায় আসা সেই রহিজ উদ্দিন আকন্দ ইউপি নির্বাচনে বিজয়ী হয়েছেন। তিনি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন। বুধবার (৩ অক্টোবর) এই উপ-নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হন।

২০১৬ সালের নির্বাচনে ১৪৯ ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন। তারপর দুধ দিয়ে গোসল করে আলোচনায় আসেন।

জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, রহিজ উদ্দিন আকন্দ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫হাজার ৮শ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মর্তুজ আলী নৌকা প্রতীকে পেয়েছেন ৪হাজার ৭৭৫ ভোট। এছাড়া বিএনপির নুরুল আমিন নান্নু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪হাজার ৫৪৮ ভোট।

নির্বাচনে মোট ২২ হাজার ২৮২ জন ভোটারের মধ্যে ১৫ হাজার ১২৩ জন  ভোট দিয়েছেন। 

উল্লেখ্য, অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম সরকারের মৃত্যুজনিত কারণে চেয়ারম্যান পদটি শুন্য হয়।

এদিকে ঘাটাইল উপজেলার ৩ নম্বর জামুরিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে তালা প্রতীকে বন্দে আলী মিয়া ১হাজার ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামছুজ্জামান রিপন মোরগ প্রতীকে পেয়েছেন ১হাজার ৫৬ ভোট।  উল্লেখ্য, ১নম্বর ওয়ার্ড সদস্য নুরুজ্জামান লেবু মৃত্যুজনিত কারণে এ পদটি শূন্য হয়।