পার্টির অধিকাংশ লোক ও জনগণ আমার সঙ্গে আছেন: অ্যাটর্নি জেনারেল

জনসভায় অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘আমার বিভিন্ন জনসমাবেশে বর্তমান এমপির লোকজন বাধা দেওয়ার চেষ্টা করছে। পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলছে। দলের স্বার্থে আমি চুপ আছি। পার্টির অধিকাংশ লোক আমার সঙ্গে আছে। জনগণ আমার সঙ্গে আছে।’

শুক্রবার (৫ অক্টোবর) বিকাল ৫টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি যদি মনোনয়ন পাই, যদি নির্বাচিত হই, আমি কোনও সন্ত্রাসীকে সঙ্গে রাখবো না। জনগণকে নিয়ে মাদক নির্মূলের চেষ্টা করবো। এই জনপদকে সন্ত্রাসমুক্ত করার চেষ্টা করবো।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু, সে সময় কিছু কুচক্রী মহলের প্ররোচণায় নানা রকম প্রতিবাদের জন্য সরকার এ কাজ থেকে বিরত রয়েছে। যদি আড়িয়াল বিলে বিমানবন্দর হয় তাহলে বিভিন্ন দেশের বিমান এটাকে ট্রানজিট হিসেবে ব্যবহার করবে। আমি মনে করি বিমানবন্দর নির্মাণের পদক্ষেপ নেওয়া উচিত। বিমানবন্দর করা হলে দেশের অর্থনীতি আমূল পরিবর্তন হবে।’

তিনি বলেন, ‘গত ১০ বছরে হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে উপার্জন করা অসম্ভব ছিল না। কিন্তু একটি পয়সা এমনভাবে আয়ের অভিযোগ কেউ আমার বিরুদ্ধে করেনি। ইনশাল্লাহ, আমার বিরুদ্ধে কেউ কোনও অভিযোগ করতে পারবে না।’

এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি জগলুল হালদার ভুতু, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ স্থানীয় নেতারা।