সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সেলিম হাওলাদার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ অক্টোবর) বিকাল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়ার পাগলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সেলিম হাওলাদার ভোলা জেলার চরফ্যাশন থানার আব্দুল্লাহপুর দক্ষিণ শিপা এলাকার নুরল ইসলামের ছেলে।

এসআই আবু বকর জানান, শনিবার বিকালে পাগলাবাড়ি এলাকার মুসলিম মিয়ার বাড়ির দেয়ালে হেলান দিয়ে আড্ডা দিচ্ছিলেন সেলিম হাওলাদার। সেলিমের মাথার উপরে বিদ্যুতায়িত জিআই তার ছিল। এসময় অসাবধানতাবশত সেলিমের হাত ওই তারে লাগে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।