নরসিংদীতে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

স্মার্টকার্ড বিতরণ শুরুনরসিংদীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ অক্টোবর) বিকালে ৩০ জনকে স্মার্টকার্ড হস্তান্তরের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

এসময় জানানো হয়, আগামী ১০ অক্টোবর (বুধবার) থেকে নরসিংদী পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে  তারিখ অনুযায়ী পর্যায়ক্রমে স্মার্টকার্ড বিতরণ করা হবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কার্যক্রম চলবে। জাতীয় পরিচয়পত্রসহ নিজে উপস্থিত থেকে ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশ প্রদান করে স্মার্টকার্ড সংগ্রহ করতে হবে।

ঢাকা অঞ্চলের নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসানসহ অনেকে।