জোটের ছায়াতলে থেকে গুণ্ডামি চলবে না: তথ্যমন্ত্রী

সমাবেশে বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নরসিংদীর পলাশে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘জোটের ছায়াতলে থেকে গুণ্ডামি চলবে না, ভালো হয়ে যান। শেখ হাসিনার পাশে কোনও দুর্নীতিবাজ, অযোগ্যরা থাকবে না। আপনারা আমার জায়েদুল কবিরের পক্ষে কাজ করেন। আর এই আসনে মঈন খান যেহেতু বিএনপির লোক, তার মানে তিনি রাজাকার ও জামায়াতের প্রতিনিধি। আপনারা কি জঙ্গি সন্ত্রাস দেখতে চান? যদি দেখতে না চান, তাহলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিন।’

মঙ্গলবার (৯ অক্টোবর) বিকালে পলাশের ঘোড়াশাল ময়েজ উদ্দিন সেতু টোল স্টেশন সংলগ্ন মাঠে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। সমাবেশের আয়োজন করে পলাশ উপজেলা জাসদ।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘কামাল হোসেনরা রাজনৈতিক ডিগবাজি দিয়ে খালেদার সঙ্গে যোগ দিয়েছেন। তারা গণতন্ত্রকে জিম্মি করে খালেদার মুক্তির দরকষাকষি করছেন। কিন্তু যতই দরকষাকষি করেন না কেন, অপরাধী খালেদা জিয়া মুক্তি পাবেন না।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা যখন গত ১০ বছর ধরে যুদ্ধাপরাধীদের বিচার করছি, তখন কামাল হোসেনরা হাত গুটিয়ে বসেছিল। আমাদের সহযোগিতা করেনি। তারা মুখে মুখে এত ভালো কথা বলে, কিন্তু তারা মূলত জামায়াতের দোসর। তাই তারা রাজনৈতিক ডিগবাজির নামে চক্রান্তে লিপ্ত হয়ে এখন দুর্নীতিবাজ, জামায়াত, জঙ্গি ও রাজাকারের মায়ের দল বিএনপির সঙ্গে হাত মিলিয়েছে। তারা মূলত এই নির্বাচনকে বানচাল করতে চায়। জঙ্গি সন্ত্রাসের মা খালেদা আর তারেককে বাংলার রাজনীতিতে ফেরত আসতে দেবো না।’

পলাশ উপজেলা জাসদের সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন জাসদের স্থায়ী কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, শওকত রায়হান, ওবায়দুর রহমান চুন্নু, জেলা জাসদের সভাপতি ও নরসিংদী-২ (পলাশ) আসনে মহাজোটের মনোনয়ন প্রত্যাশী জায়েদুল কবির প্রমুখ।