মামলার রায় নিয়ে প্রতিক্রিয়া নেই বিএনপি নেতাদের, বন্ধ মোবাইলও

রায়ের পর সমাবেশ করে আওয়ামী লীগ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর তারেক রহমানের ফাঁসির দাবিতে গাজীপুরে সভা-সমাবেশে করে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। তবে ওই রায়ের প্রতিক্রিয়া নেই বিএনপি নেতাদের। তারা কোনও মিছিল করেনি। এমনকি বিএনপি নেতাদের মোবাইলও বন্ধ রয়েছে।

রায়কে কেন্দ্র করে গাজীপুর মহানগরীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের কোনও নেতাকর্মীকে রাজপথে নামতে দেখা যায়নি এবং কারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন এবং সাধারণ সম্পাদক সাইয়েদুল আলম বাবুলেরও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দুপুর থেকে তাদের মোবাইলও বন্ধ পাওয়া গেছে।

২১ আগস্টের গ্রেনেড হামলার অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে চান্দনা চৌরাস্তায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এর আগে সমাবেশ করে আওয়ামী লীগ। সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজাল হোসেন সরকার রিপন। সমাবেশে নেতারা তারেক জিয়ার ফাঁসি দাবি করেন।

বুধবার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করা হয়। মামলার জীবিত ৪৯ আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-১-এর বিচারক শাহেদ নূরউদ্দিন এ রায় ঘোষণা করেন।