প্রধানমন্ত্রীর জনসভার কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে নৌযান চলাচল বন্ধ

শিমুলিয়া ফেরি ঘাট

প্রধানমন্ত্রী পদ্মা সেতুর নির্মাণ কাজ পরিদর্শন ও মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে জনসভা করার কারণে শনিবার সকাল ৬টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত ঘাট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং করে বিষয়টি জানানো হয়েছে। এ সময় যানবাহনগুলোকে পুরনো কাওড়াকান্দি ঘাট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বলেন, কাঁঠালবাড়ির ২নং ফেরিঘাটে  প্রধানমন্ত্রীর জনসভার জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। এখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। রবিবার বিকেল ৩টায় কাঁঠালবাড়ি ঘাটে জনসভা অনুষ্ঠিত হবে। এ কারণে কাঁঠালবাড়ি ফেরিঘাট ব্যবহার না করে পুরনো কাওড়াকান্দি ফেরিঘাট দিয়ে যানবাহনগুলোকে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সোমবার থেকে স্বাভাবিকভাবে যানবাহনগুলো পারাপার করা সম্ভব হবে।

এদিকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটের বিকল্প হিসেবে যানবাহনগুলোকে বিআইডব্লিউটিসি’র পক্ষ থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ব্যবহারে পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বরিবার প্রধানমন্ত্রী পদ্মা সেতুর নামফলক উন্মোচন, মূল নদী শাসনের জন্য নদীতীর প্রতিরক্ষামূলক কাজ, ঢাকা-মাওয়া অংশের সংযোগ সড়ক এবং পাঁচ্চর-ভাঙ্গা অংশের ৬ লেনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন ছাড়াও পদ্মা রেল সংযোগ প্রকল্পের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করবেন।