বাসাইলে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মী আটক

আটক সাত নেতাকর্মীটাঙ্গাইলের বাসাইল উপজেলার পূর্বপাড়া থেকে উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেনসহ বিএনপি-জামায়াতের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে আফজাল হোসেনের বাড়িতে গোপন বৈঠক চলাকালে তাদের আটক করা হয়। আটক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার (১৩ অক্টোবর) দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটক অন্য নেতাকর্মীরা হলেন– উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক কবির খান, কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী, কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লাভলু, উপজেলা বিএনপি নেতা আলম মিয়া ও হোসাইন জমাদার।

ওসি আনিচুর রহমান জানান, নাশকতা ও রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক চলাকালে আফজাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯৪টি উস্কানিমূলক বই, দুই ব্যাগ ইটের খোয়া ও দুটি ছোরা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বাসাইল থানায় মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭০/৭৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।