স্থানীয়রা জানান, উপজেলার নাটেশ্বর গ্রামে বাড়ির সামনে নিচু জমি বালু মাটি দিয়ে ভরাট করে বিভিন্ন প্রজাতির সবজি চাষ করেন কৃষক বেলায়েত হোসেন। ওই জায়গায় তিনি সবজির সঙ্গে সিন্ধি প্রজাতির (লাল) মিষ্টি আলু রোপণ করেন। ছয় মাস পর আলু তুলে দেখেন একটি আলু অনেক বড়। আলুটির ওজন হয়েছে ৭ কেজি ৭শ গ্রামেরও বেশি। এ ঘটনায় এলাকাবাসীসহ জেলা কৃষি অফিসের কর্মকর্তারা বিস্মিত হয়েছেন।
এ ব্যাপারে সিরাজদিখান উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার (নাটেশ্ববর ব্লক) মমতাজ মহল বলেন, ‘সাধারণত এক দেড় কেজি ওজনের মিষ্টি আলু হয়। কিন্তু প্রায় আট কেজি হওয়াটা নজিরবিহীন। বেলায়েত হোসেনের এই মিষ্টি আলু এলাকার লোকজন গিয়ে দেখছেন। জেলা কন্দাল ফসল গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। বিষয়টি নিয়ে তারা গবেষণা করবেন।’