যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

মানিকগঞ্জযৌতুক না দেওয়ায় মানিকগঞ্জের শিবালয়ে উর্মি আক্তার (১৮) নামে এক গৃহবধূকে নির্যাতনতের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নির্যাতনের শিকার ওই গৃহবধূকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উর্মি শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের জামসা গ্রামের কৃষক জহুরুল মোল্লার মেয়ে।
উর্মির মা খোদেজা বেগম জানান, গত দুই মাস আগে পাশ্ববর্তী ঢাকিজোড়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে সুমন মিয়ার সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। সুমন পেশায় রাজমিস্ত্রির কাজ করে। বিয়ের কদিন পর থেকেই সুমন ও তার বাবা, মা উর্মিকে দুই লাখ টাকা ও দুই ভরি স্বর্ণের জন্য চাপ দিতে থাকেন। উর্মি ও তার পরিবার যৌতুকের বিষয়ে অপরাগতা প্রকাশ করলে তাকে মাঝে মধ্যেই মারধর করতোর সুমন।

উর্মি আক্তার জানান, তার স্বামী যৌতুকের জন্য তাকে প্রায়ই মারধর করতো। গত শুক্রবার রাতে যৌতুকের টাকার জন্য তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। বিষয়টি মোবাইলে তার পরিবারকে জানালে পরদিন তার স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে দুই দিন থাকার পর তাকে রিলিজ করে বাসায় নেওয়া হয়। পরে অসুস্থ অবস্থায় তাকে একদিন বাড়িতে রাখার পর মঙ্গলবার রাতে তাকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
উর্মির বাবা জহুরুল মোল্লা জানান, সুমন এর আগেও দুটি বিয়ে করেছে, কিন্তু সেটা তারা জানতেন না। এর আগের স্ত্রীদেরও সে নির্যাতন করতো।
এ ব্যাপারে শিবালয় থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, নির্যাতিত উর্মির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।