নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি রি-রোলিং মিলে কাজ করার সময় লোহার চুল্লির আগুনে দগ্ধ হয়ে বাবুল মিয়া (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও চার শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে সদর উপজেরার ফতুল্লা থানার পাগলা এলাকার অবস্থিত চাকদা রি-রোলিং স্টিল মিলে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় এক শ্রমিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত বাবুল ময়মনসিংহের গফরগাঁওয়ের আব্দুল জব্বারের ছেলে। আহতরা হলেন জুয়েল, সুমন, মঈনুল ও শাহাদাৎ। তাদের মধ্যে জুয়েলের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে।
চাকদা স্টিল রি-রোলিং মিলের ব্যবস্থাপক নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, ভোরে চুল্লিতে কাজ করার সময় আকস্মিকভাবে উপর থেকে একটি বড় ধাতব খণ্ড চুল্লির ওপর কর্মরত পাঁচজন শ্রমিক আহত হন। তাদের মধ্যে গুরুতর দগ্ধ হন বাবুল মিয়া ও জুয়েল মিয়া। পরে দগ্ধ দুইজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যালে নেওয়ার পর সকালে চিকিৎসাধীন অবস্থায় বাবুল মিয়া মারা যান। দগ্ধ জুয়েলকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর শ্রমিকরা আশঙ্কামুক্ত।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, চুল্লির লোহা গলানোর তরল আগুনে দগ্ধ হয়ে এক শ্রমিক মারা গেছেন। অন্য এক শ্রমিকরা দগ্ধ হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্তের পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।