নিহত সাবেদ মিয়া রংপুর জেলার পীরগঞ্জ থানার পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ সিরারপাড় এলাকার মৃত জাফর মুন্সির ছেলে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান ও নিহতের ভাগ্নে জহিরুল ইসলামসহ স্থানীয়রা জানান, ভোগড়া দক্ষিণপাড়া এলাকার জরিনা বেগমের জমি ভাড়া নেন স্বপন মিয়া। স্বপন সেখানে ৩২টি ঘর নির্মাণ করে শ্রমিক কলোনি গড়ে তোলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ওই কলোনির একটি ঘরে রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে। এ সময় দগ্ধ হয়ে ঘুমন্ত সবেদ মিয়া মারা যান এবং তার নাতি শিমুল (৮) দগ্ধ হয়ে আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।
স্থানীয়রা আরও জানান, আশঙ্কাজনক অবস্থায় শিশু শিমুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে। আগুন নেভাতে গিয়ে স্থানীয় তিনজন আহত হয়েছেন। যাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে সবুজ মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। আগুনে ওই কলোনির সবকটি ঘরের মালামাল পুড়ে গেছে।