গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ফরিদপুর জেলার সালথা থানার ফুলবাড়িয়া ও বোয়ালমারী উপজেলার পরমের্শদী এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, কাশিয়ানী থানায় গ্রেফতার ডাকাত সুমনের দেওয়া তথ্য ও জবানবন্দি অনুসারে মুকসুদপুর সার্কেলের সিনিয়র এএসপি হোসাইন মোহাম্মদ রায়হানের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার গভীর রাতে ফরিদপুর জেলার সালথা উপজেলার ফুলবাড়িয়া ও বোয়ালমারী উপজেলার পরমের্শদী এলাকায় অভিযান চালায়। এ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য সালথা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সিদ্দিক শেখের ছেলে মো. মান্দার শেখ (৩০) ওরফে মান্দার ডাকাত এবং বোয়ালমারী উপজেলার পরমের্শদী গ্রামের রাজ্জাক ফকিরের ছেলে মো. নাজমুল ফকির (২০) ওরফে নাজমুল ডাকাতকে গ্রেফতার করে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. আজিুজুর রহমান জানান, তাদের নামে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায়, মুকসুদপুর থানায় এবং ফরিদপুর জেলার সালথা থানায় একাধিক চুরি, ডাকাতি ও ছিনতাই মামলা চলছে। তারা গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার বিভিন্ন থানার তালিকাভুক্ত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
ডাকাত দলের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা সড়কে গাছ ফেলে এবং গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে ডাকাতি করেছে বলে প্রাথমিকভাবে তথ্য দিয়েছে বলে ওসি জানান।