বশেমুরবিপ্রবিতে ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ছবি:সংগৃহীত)গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বাশেমুরবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে (স্নাতক সম্মান, প্রথম বর্ষ) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের মধ্যদিয়ে এই পরীক্ষা শুরু হবে। বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ‘ই’ ইউনিটের পরীক্ষা। এছাড়া ৩, ৯ ও ১০ নভেম্বর বাকি ইউনিটের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোপালগঞ্জ শহরের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানগুলো হলো— বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শেখ হাসিনা সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বঙ্গবন্ধু কলেজ, শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ, হাজী লাল মিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসা, গোপালগঞ্জ এস কে আলিয়া মাদ্রাসা, যুগশিখা হাই স্কুল, বীণাপাণি সরকারি উচ্চ বিদ্যালয় ও এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়।

ভর্তি পরীক্ষার সময়সূচি:
২ নভেম্বর ২০১৮: ‘ডি’ ইউনিট সকাল ১০.০০-১১.০০টা; ‘ই’ ইউনিট বেলা ৩.০০-৪.০০টা।

৩ নভেম্বর ২০১৮: ‘এফ’ ইউনিট সকাল ১০.০০-১১.০০টা; ‘জি’ ইউনিট বেলা ৩.০০-৪.০০টা।

৯ নভেম্বর ২০১৮: ‘সি’ ইউনিট সকাল ১০.০০-১১.০০টা; ‘এইচ’ ইউনিট বিকাল ৩.০০-৪.০০টা।

১০ নভেম্বর ২০১৮: ‘আই’ ইউনিট সকাল ১০.০০-১১.৩০টা; ‘বি’ ইউনিট দুপুর ১.০০-২.০০টা এবং ‘এ’ ইউনিট বেলা ৩.৩০-৪.৩০টা।

ভর্তি পরীক্ষা ও আসন বিন্যাস সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd থেকে জানা যাবে।