আনসার সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

গাজীপুরগাজীপুরে শ্রমিকদের হামলায় ও মারধরে ডেল্টা নিট কম্পোজিট কারখানার আনসার সদস্য ভৈরব চন্দ্র সরকার নিহততের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ডেল্টা গ্রুপের মহা ব্যবস্থাপক (জেনারেল ম্যানেজার) আব্দুল খালেক বাদী হয়ে কাশিমপুর থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান,  মামলার বাদী ডেল্টা গ্রুপের মহা ব্যবস্থাপক (জেনারেল ম্যানেজার) আব্দুল খালেক এজাহারে অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করে বৃহস্পতিবার (১ নভেম্বর) রাতে থানায় মামলা করেছেন। মামলায় উল্লেখ করা হয় কারখানায় ৭-৮লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত এবং তাদের বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী ও শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত কাউকে পুলিশ শুক্রবার (২ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মকবুল হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার হাতিমারা এলাকায় মিতালী ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানার এক শ্রমিককে হত্যার গুজব ওঠে। বৃহস্পতিবার সকালে কাশিমপুর ও কোনাবাড়ি এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। প্রতিবাদে ওই কারখানাসহ আশেপাশের কারখানার কতিপয় উচ্ছৃঙ্খল শ্রমিক স্থানীয় ১০টির মতো কারখানায় হামলা ও ভাঙচুর চালায়। এদিন সকাল ১১টার দিকে বিক্ষুব্ধরা ডেল্টা স্পিনিং মিলে ঢুকে ভাঙচুর চালায়। এসময় কারখানায় ভাঙচুরের প্রতিবাদ ও প্রতিরোধ করতে গেলে বিক্ষুব্ধদের লাঠির আঘাতে ও এলোপাতাড়ি মারধরে আনসার সদস্য ভৈরব চন্দ্র সরকারসহ কয়েকজন আহত হন। পরে গুরুতর অবস্থায় ভৈরব চন্দ্র সরকারকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ভৈরবকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (জিএমপি) এম ওয়াই বেলালুর রহমান জানান, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের হাতিমারা এলাকায় মিতালী ফ্যাশন লিমিটেড পোশাক কারখানার কোয়ালিটি ইন্সপেক্টর মেহেদী হাসানকে ১৫ পিস টিশার্ট চুরির অভিযোগে গত সোমবার (২৯ অক্টোবর) কারখানার কয়েক কর্মকর্তা মারধর করেন। এতে ওই শ্রমিক আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে যান। কিন্তু ওই শ্রমিক নিহত হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়লে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এর জেরে বিক্ষুব্ধ শ্রমিকরা ওই কারখানাসহ পাশের কয়েকটি কারখানায় গিয়ে হামলা ও ভাঙচুর করে। এতে ওই হতাহতের ঘটনা ঘটেছে।